হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৩ মে ২০১৭, ১৮:১৩
হাতিয়া উপজেলার সাগরিয়া বাজারের পশ্চিম পার্শ্বে নাসিরের স’মিল সংলগ্ন প্রধান সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন- সাগরিয়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, সাবেক মেম্বার ও মুক্তিযোদ্ধা আমির হোসেন (৬০)। 
 
জানা গেছে, প্রথমে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে মুমূর্ষ অবস্থায় তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। নিহত আমির হোসেন বুড়িরচর ইউনিয়নের উত্তর সাগরিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের অধিবাসী। পুলিশ অপর মোটরসাইকেল আরোহী রাকিব উদ্দিনকে (২৫) আটক করেছে।