শেরপুরে জেলা জজসহ দু'টি আদালতের বিচারকদের স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আইনজীবীদের আদালত বর্জনের প্রথম দিনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা আইনজীবী সমিতি'র কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি'র সদস্য আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এমকে মুরাদুজ্জামান ও সভাপতি একেএম মোসাদ্দেস ফেরদৌসী। এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, 'স্বেচ্ছাচারী ও অযোগ্য জেলা জজ কিরণ শংকর হালদায় যে পর্যন্ত শেরপুর থেকে বিদায় না হবে সে পর্যন্ত তারা উল্লেখিত আদালত বর্জন করে আন্দোলন চালিয়ে যাবেন।'
এদিকে জেলা আইনজীবী সমিতি'র জেলা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক মাসের জন্য বর্জনের সিদ্ধান্তে বুধবার সকালের দিকে প্রথমে প্রায় সকল আদালতে অচলাবস্থা শুরু হলেও দুপুরের দিকে উল্লেখিত আদালত ছাড়া অন্যান্য আদালতে আসা বিচার প্রার্থীরা তাদের মামলা পরিচালনার সুযোগ পায়।
উল্লেখ্য, সম্প্রতি শেরপুরে জেলা জজ কিরণ শংকর হালদারের স্বেচ্ছাচারিতা এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নেছা খানম জেলা আইনজীবী সমিতি'র সভাপতি একেএম মোসাদ্দেক ফেরদৌসী'র সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে জেলা আইনজীবী সমিতি গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি'র এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে জেলা জজ আদালত অনির্দিষ্টকালের জন্য ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এক মাসের জন্য বর্জনের ঘোষণা দেয়।
ইত্তেফাক/জামান
