সততার পুরস্কার পেল স্কুলছাত্র বিল্লাল

আপডেট : ০৪ মে ২০১৭, ০১:০৭

কুড়িয়ে পাওয়া প্রায় ত্রিশ হাজার টাকা দামের মোবাইল ফোন মালিকের কাছে ফিরিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় সততার পুরস্কার পেলো তালার সেই স্কুল ছাত্র বিল্লাল গাজী। বিল্লাল উপজেলার  তেঁতুলিয়া সবুজ শিক্ষা নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের রাজমিস্ত্রি মফিজুল গাজীর পুত্র। একটি দামি মোবাইল সেট তার সততার মানসিকতাকে দুর্বল করতে পারেনি। এরই পুরস্কার হিসেবে রবিবার বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন তার নিজস্ব তহবিল থেকে  বিল্লাল গাজীর হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন।

এ সময় সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন কুমার মণ্ডল, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ সজল, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সৈয়দ জুনায়েদ আকবর, বিল্লালের অভিভাবকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন, বিল্লাল গাজী একজন মেধাবী ছাত্র। সে মোবাইল ফোনটি ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিয়েছে। বিষয়টি সকলের জন্য অনুকরণীয় হিসেবে তার আনুষঙ্গিক খরচসহ পরীক্ষা ও পড়াশোনা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখা হবে। তিনি আরো বলেন, বিল্লাল গাজীকে পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে সনদপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল দৈনিক ইত্তেফাকে ‘তালায় স্কুলছাত্রের সততা’ শীর্ষক সংবাদটি প্রকাশিত হয়।  সংবাদটিতে উল্লেখ করা হয়, টিফিনের সময় খেলতে গিয়ে স্কুলের পেছনের বাগানে বল কুড়াতে গিয়ে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন পায় বিল্লাল গাজী। সে তাত্ক্ষণিকভাবে ফোনটি স্কুল শিক্ষকদের কাছে জমা দেন। এর দু’দিন পর মালিক কবি সিকান্দার মেলায় আগত চাঁদপুর জেলার হাইমচর থানার বাসিন্দা ব্যবসায়ী সাইফুল ইসলামের হাতে ফোনটি তুলে দেয়া হয়।

ইত্তেফাক/নূহু