জেলায় খালিয়াজুরী সদর ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত মঙ্গলবার স্থানীয় ইউএনও’র মাধ্যমে নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর দুই শতাধিক স্বাক্ষরের এক লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
এদিকে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে গত মঙ্গলবার বিকালে খালিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহারেন্দু দেব রায়ের নেতৃত্বে দেওয়া ওই অভিযোগে জানা যায়, গত ১ মে জেলার খালিয়াজুরী উপজেলা সদরের সরকারি খাদ্যগুদাম চত্বর থেকে খালিয়াজুরী সদর ইউনিয়নের ১৬৭৫ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল ও টাকা বিতরণ করা হয়েছে। এ চাল ও টাকা বিতরণের সময় সহস্রাধিক পরিবারের মাঝে ৩৮ কেজি করে চাল দেওয়ার নিয়ম না মেনে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ উপস্থিত থেকে বালতি দিয়ে মেপে প্রতি পরিবারকে ছয় থেকে সাত কেজি করে চাল কম দিয়েছে।
বিতরণ কেন্দ্রের গেটে এসে পুনরায় ওজন মাপার মিটারে চাল মেপে কম দেওয়ার বিষয়টি দেখার পর অসংখ্য মানুষ বিতরণে উপস্থিত থাকা কর্মকর্তাদের তা জানিয়েছেন। কিন্তু কর্মকর্তারা ব্যাপারটিকে রহস্যজনক কারণে আমলে নেননি। পরে ভুক্তভোগীদের মাঝে আমানিপুর গ্রামের মিজান মিয়া, রবিকুল, মোখলেস মিয়া, মনির মিয়া, সমন আলীসহ সবাই দুই ঘন্টা বসে থেকে কোনো বিচার না পেয়ে চাল কম নিয়েই তারা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মিছিল করতে করতে বাড়ি ফিরে যান। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ছানোয়ারুজ্জামান জোসেফ জানান, খাদ্যগুদাম থেকে উত্তোলনের সময় ওজনে চাল কম দেওয়া হয়েছে। তাই ভুক্তভোগীরা কিছুটা কম পেলে পেতেও পারে। খাদ্য পরিদর্শক ইলিয়াস কাঞ্চন জানান, গুদাম থেকে চাল কম দেওয়া হয়নি। যথাযথভাবেই চাল বুঝিয়ে দেওয়া হয়েছে। এদিকে বিতরণের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, অভিযোগপত্রটি খুব দ্রুত তিনি জেলা প্রশাসক বরাবর পাঠাবেন।
ইত্তেফাক/নূহু
