ছাতকে মনিপুরী বস্তির ধনী টিলায় চলছে পাথর খেকোদের আগ্রাসন। টিলা ধ্বংস করে একটি মহল এখানে পাথর উত্তোলন করে যাচ্ছে।
মনিপুরী জনগোষ্ঠী ও মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে প্রতিদিন কয়েক লাখ টাকার পাথর উত্তোলন ও বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। গত মঙ্গলবার পাথর উত্তোলনকালে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে অবৈধ দখলদার চক্রের ২শতাধিক শ্রমিক। এ সময় পাথর উত্তোলনের সরঞ্জাম ও পাথর পরিবহনের তিনটি ট্রাক্টর জব্দ করেছে পুলিশ।
এদিকে ব্রজেন্দ্র কুমার সিংহের নেতৃত্বে পাথর উত্তোলন অব্যাহত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ব্রজেন্দ্র কুমার সিংহ দাবি করেন, টিলা ও পাথর তাদের নৃ গোষ্ঠীর সম্পদ।
অপরদিকে মুক্তিযোদ্ধা ইন্তাজ আলীর দাবি, এ টিলা ও পাথর মুক্তিযোদ্ধাদের সম্পদ। সরকার দলের সাইনবোর্ডের আড়ালে কতিপয় লোক লিজ ছাড়াই জোর করে ধনীর টিলা কেটে পাথর উত্তোলন করে যাচ্ছে। টিলা কেটে পাথর উত্তোলনের ফলে এখানের পরিবেশ বিনষ্ট হচ্ছে। গত ১৩ এপ্রিল ব্রজেন্দ্র সিংহের একটি ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি ছাতক থানায় মামলা দায়ের করেছেন। তার দাবি, পাথর খেকো চক্রের প্রতিপক্ষ তার ঘর পরিকল্পিতভাবে পুড়িয়ে দিয়েছে।
ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম জানান, উত্তোলন পাথর ভারি ট্রাক-ট্রাক্টরে পরিবহন করায় এ অঞ্চলের কাঁচা রাস্তা ভেঙে যাচ্ছে। এতে জনসাধারণের চলাচলে অসুবিধা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
