মির্জাপুরে উপজেলা কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৪ মে ২০১৭, ০৪:২৬

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি) মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় চার কোটি টাকা ব্যয়ে উপজেলা কমপ্লেক্স (চারতলা ভবন) নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। কাজের শুরুতেই ইটের নিম্নমানের খোয়া ও নিম্নমান সামগ্রী দেওয়া হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। প্রশাসনের চোখের সামনে উপজেলা কমপ্লেক্স নির্মাণের কাজ হলেও সঠিকভাবে তদারকির অভাবে নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিআরডি) অফিস সূত্র গত শনিবার জানায়, তিন কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে মির্জাপুর উপজেলা কমপ্লেক্স (চারতলা ভবন) নির্মাণের জন্য সম্প্রতি একটি দরপত্র আহ্বান করা হয়। দরপত্র অনুযায়ী সিন্ডিকেটের মাধ্যমে কমপ্লেক্স নির্মাণের জন্য কাজ পেয়েছে টাঙ্গাইল সদরের মেসার্স দাস এন্টারপ্রাইজ। সিডিউলে উন্নতমানের ইট-পাথর ও রড দিয়ে কাজ করার চুক্তি হয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিআরডি) অফিসের দুর্নীতিপরায়ণ বেশ কিছু কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক দলের প্রভাবশালী কয়েকজন নেতাদের সঙ্গে সিন্ডিকেট করে নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণের কাজ করছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে গত রবিবার ভবন নির্মাণস্থলে গিয়ে দেখা যায়, ইটের নিম্নমানের খোয়া ও নিম্নমান সামগ্রী দিয়ে ঢালাইয়ের কাজ হচ্ছে। ঢালাই কাজ সঠিকভাবে তদারকির জন্য সেই সময় এলজিআরডি অফিসের কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি। এলাকাবাসী ও সচেতন মহলের ধারণা, শুরুতেই সঠিকভাবে দেখাশোনা ও তদারকি না করলে বিপুল অঙ্কের টাকা ব্যয়ে নির্মিত এ উপজেলা কমপ্লেক্স ভেঙে পরার আশঙ্কা রয়েছে।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স দাস এন্টারপ্রাইজের কর্মকর্তা পরিমল চন্দ্র দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখানে ইট এনে ভাঙানো সম্ভব নয়। তাই স্থানীয় ইট ভাটা থেকে খোয়া এনে সিসি ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য কাজে উন্নত মানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। মির্জাপুর উপজেলা এলজিআরডি অফিসের সহকারী প্রকৌশলী জগদীস চন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা কমপ্লেক্স নির্মাণে যাতে কোনো অনিয়ম দুর্নীতি না হয় সে জন্য সঠিকভাবে তদারকি করা হচ্ছে। উল্লেখ্য, তিনি উপজেলা কমপ্লেক্স নির্মাণ কাজ তদারকির সঙ্গে জড়িত আছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ইত্তেফাক/নূহু