ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ০৪ মে ২০১৭, ১৪:২৬
 
ঝিনাইদহ সদর উপজেলার পরানপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই দল গ্রামবাসির সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঝিনাইদহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে আটক করেছে। 
 
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, পরানপুর গ্রামে দুটি সামাজিক দল আছে। এক দল হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম সমর্থক। আরেক দল সাবেক চেয়ারম্যান খোন্দকার ফারুকুজ্জামান ফরিদ সমর্থক। তাদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছে। তার জের ধরে উভয় পক্ষ ঢাল, তলোয়ার, শরকি, রমদা, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
 
খবর পেয়ে পুলিশ সংঘর্ষ থামাতে ৬ রাউন্ড গুলি ছোড়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন কমপক্ষে ১৫ জন। সেখান থেকে তাদের উদ্ধার করে ৯ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এ ঘটনায় সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও সাবেক চেয়ারম্যান খোন্দকার ফারুকুজ্জামান ফরিদ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানা নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/কেকে