সালমানের বিষয়টি অস্বীকার করলেন দিশা

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:২৭

বিনোদন ডেস্ক

 

মুক্তির অপেক্ষায় আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমা ‘ভারত’। এই সিনেমায় শারীরিক কসরত দেখানো শিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন বলিউড আবেদনময়ী দিশা পাটানি। অন্যদিকে এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। এ কারণে শোনা গিয়েছিল, লবিং খাটিয়ে বলিউড ভাইজানের সঙ্গে ছবির চুক্তি করেছেন দিশা। কিন্তু দিশা জানালেন সালমানের কারণে তিনি এই ছবিতে অভিনয় করেননি। এছাড়া কোনো প্রকার লবিংও করেননি। দিশা পাটানি বলেন, ‘ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে সালমান খানের মতো মহাতারকার সঙ্গে কাজ করতে পারাটা একটা বড় সুযোগ। কিন্তু সালমান রয়েছেন এ কারণেই আমি শুধু চুক্তিবদ্ধ হইনি। এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মূল কারণ হলো দেশপ্রেম। আমি খুবই গর্বিত।’ বলিউড বাবলের মতে, সালমান ও দেশপ্রেম এ দুটোর বাইরেও আরো বড় কারণ রয়েছে! ভারত সিনেমায় দিশার চুক্তিবদ্ধ হওয়ার মূল কারণ তার বোন খুশবু, যিনি সামরিক বাহিনীতে কর্মরত। বোনের কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাপূর্ণ জীবন দিশার প্রেরণা। আর সেটাই তাকে এই ছবিতে যুক্ত হতে সাহায্য করেছে। দিশা বলেন, ‘ভারতের সামরিক বাহিনীর একজন হিসেবে দেশের প্রতি অবদান রাখতে আমার বোনকে দেখেছি। সবসময় ওকে দেখতাম। আর সে কারণে ভারত আমার কাছে খুব বিশেষ কিছু হতে চলেছে। আমার জন্য এটা অন্যরকম অনুভূতি।’ ভারত ছাড়াও দিশা পাটানিকে আগামীতে আনিস বাজমির একটি ছবিতে দেখা যাবে। মোহিত সুরি পরিচালিত মালাঙ্গ সিনেমায়ও অভিনয় করছেন তিনি। ভারত-এ সালমানের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে টাবু, নোরা ফাতেহি, সুনীল প্রোভার ও জ্যাকি শ্রফকে।