চলচ্চিত্র দিবসে এফডিসির আয়োজন

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:২৯

বিনোদন রিপোর্ট

 

২০১২ সাল থেকে ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হচ্ছে। এ বছরও বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হবে দিনটি। এ উপলক্ষে গতকাল বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে ‘চলচ্চিত্র বাঁচলে সংস্কৃতি বাঁচবে’—শ্লোগানে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম দিবসটির বিস্তারিত তুলে ধরেন। ২ দিনব্যাপী কর্মসূচির আজ প্রথমদিন। দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে আজ সকাল সাড়ে ৯টায় এফডিসিতে জাতীয় পতাকা উত্তোলন। সৈয়দ হাসান ইমাম জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচির উদ্বোধন করবেন। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক), এমপি, ও তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। স্বাগত বক্তব্য প্রদান করবেন এফডিসির ভারপ্রাপ্ত মহাপরিচালক লক্ষ্মণ চন্দ্র দেবনাথ। সকাল ১১টায় বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে রেড কার্পেট সংবর্ধনা, মেলা উদ্বোধন, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ে আলোচনা ও সেমিনার। সেমিনার অনুষ্ঠিত হবে বিকেল ৩টায় সংস্থার ৮ নম্বর শুটিং ফ্লোরে। কর্মসূচি পালনের দ্বিতীয় দিন সন্ধ্যায় রয়েছে লেজার শো ও আতশবাজি এবং তারকা শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। উত্সবের মঞ্চ মাতাবেন মাহিয়া মাহী, নিরব, ইমন, তমা, আঁচল, শিপন, বিপাশা কবির, মৌমিতা, জয় চৌধুরী, সানজু জন, রোমানা নীড়সহ এ প্রজন্মের নায়ক-নায়িকারা।