উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ছাত্রলীগের তালা

আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:৪৮
 
মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এঘটনা ঘটে।
 
গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি তোহিদ হোসেনের নেতৃত্বে এ তালা ঝুলানো হয়। এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিন্টু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, গাংনী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীবসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
এর আগে ছাত্রলীগের একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বরের ইউএনও অফিসের সামনে থেকে শুরু হয়ে হাসপাতাল এলাকা ঘুরে একই স্থানে শেষ হয়ে তালা ঝুলিয়ে দেন চেয়ারম্যানের কার্যালয়ে।
 
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হাবীব জানান, উপজেলা চেয়ারম্যান মোরাদ হোসেন বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সরকার বিরোধী গোপন মিটিং করার অপরাধে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
 
এদিকে গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ হোসেন বলেন, 'বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গাংনী পৌর বিএনপির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা আমার বাড়ির সামনে ফাঁকা স্থানে অনুষ্ঠিত হয়।' বিএনপির মিটিং চলার সময়ে ছাত্রলীগের নেতা কর্মী সরকারি অফিসে তালা ঝুলিয়ে দেয়াকে অগণতান্ত্রিক আচরণ বলে উল্লেখ করেন চেয়ারম্যান। গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান এ বিষয়ে বলেন, 'আমি তালা ঝুলানোর কথা শুনেছি।'
 
ইত্তেফাক/জামান