রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন থামিয়ে গণডাকাতি

আপডেট : ০৪ মে ২০১৭, ২৩:৪২

বুধবার মধ্যরাতে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে গণহারে ডাকাতির ঘটনা ঘটেছে।

মহাসড়কের সাপছড়িস্থ দেপ্পোছড়ি এলাকায় পাহাড়ি সন্ত্রাসীরা ভারি অস্ত্র নিয়ে অন্তত ১০/১২টি যানবাহন থামিয়ে এ ডাকাতি করে। রাত ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলা এই গণডাকাতির সময় ১৫/২০ জনের ডাকাতদল যাত্রীদের মোবাইল সেট, নগদ টাকাসহ বিভিন্ন জিনিস নিয়ে পাশ্ববর্তী জঙ্গলের দিকে চলে গেছে বলে ভূক্তভোগীরা জানিয়েছে। এসময় বেশ কয়েকজনকে মারধরও করেছে উপজাতীয় অস্ত্রধারী ডাকাতেরা। হামলাকারিরা সকলেই উপজাতীয় সম্প্রদায়ের বলে জানিয়েছে ঘটনার শিকার অন্তত ২০জন ভূক্তভোগী।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন এ ব্যাপারে থানায় মামলা হযেছে।

মোহাম্মদ রশিদ আরো জানান, ডাকাতির সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। তিনি জানান, পাহাড়ি সন্ত্রাসীদের দলটি অতর্কিতে হামলা চালিয়ে ১০/১২টি গাড়ি থামায়। তারা পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী অটোরিক্সা ও মোটরসাইকেলে থাকা চালক-হেলপার, যাত্রী সাধারনের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এদিকে নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মধ্যরাতে এই ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর বড় একটি দল ঘটনাস্থলে গিয়েছে। ঘটনাস্থল ও আশে-পাশের এলাকায় সন্ত্রাসীদের ধরতে যৌথবাহিনীরা সদস্যরা অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছেন দায়িত্বশীল একজন কর্মকর্তা।

এ ব্যাপারে রাঙ্গামাটি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি রুহুল আমীন বাদী হয়ে রাঙ্গামাটির কোতয়ালী থানায় মামলা করেছেন।

ইত্তেফাক/নূহু