জম্মু ও কাশ্মির একদিন পৃথক প্রধানমন্ত্রী পাবে ওমর আব্দুল্লাহ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:৩২

g এনডিটিভি

জম্মু ও কাশ্মিরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ বলেছেন, একদিন তারা পৃথক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট পাবেন। আর সেদিন খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন তিনি। সোমবার কাশ্মিরের বানদিপোরে এক নির্বাচনী সমাবেশে ওমর আব্দুল্লাহ এ কথা বলেন।

ওমর আব্দুল্লাহ বলেন, যারা সংবিধানের ৩৫ অনুচ্ছেদ ছেঁটে ফেলার হুমকি দিচ্ছেন তাদের জানা উচিত যে, জম্মু ও কাশ্মির তার প্রধানমন্ত্রী ও ‘সদর ই রিয়াসাত’ পদ ফিরে পাবে। ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার সময় জম্মু ও কাশ্মির তাদের নিজস্ব ‘সংবিধান ও পরিচয়’ এর শর্ত জুড়ে দিয়েছিল, যা ভারতীয় সংবিধানের আর্টিকেল ৩৫ হিসেবে সংরক্ষিত আছে। তিনি বলেন, যদি আর্টিকেল ৩৫ সংশোধন করা হয় তাহলে ভারতকে জম্মু ও কাশ্মিরের সংযুক্তির বিষয়ে ফের মধ্যস্থতা করতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ব্যাপারে তার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে কংগ্রেসের কাছে তাদের মিত্রের এ ধরনের কথাবার্তার ব্যাখ্যা চেয়েছেন। হায়দরাবাদের এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। তবে ওমর আবদুল্লাহর নাম উল্লেখ না করলেও তিনি তাকে ইঙ্গিত করে বলেন, কংগ্রেসকে অবশ্যই এ ব্যাপারে তাদের জবাব দিতে হবে। লোকসভা ভোটে জম্মু ও কাশ্মিরের সাতটি আসনের জন্য ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোটবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে কংগ্রেস। মোদির ব্যাখ্যার দাবিতে কংগ্রেস সাড়া না দিলেও টুইটারে আব্দুল্লাহ সাড়া দিয়েছেন। তিনি বলেছেন, “জম্মু ও কাশ্মিরের সংযুক্তির জন্য ১৯৪৭ সালে মহারাজা হরি সিং যে শর্তারোপ করেছিলেন তা পুনঃপ্রতিষ্ঠার জন্য আমার দল সবসময় প্রস্তুত আছে এবং কোনো দ্বিধা ছাড়াই আমরা এটি করে যাব।”

তিনি আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদি আমার বক্তব্যে মনোযোগ দিয়েছেন দেখে আমি কৃতার্থ আর আজ আমার বক্তব্য সামনে নিয়ে আসার জন্য বিজেপির সামাজিক গণমাধ্যম সেলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষভাবে সাংবাদিকদের কাছে তা হোয়াটসঅ্যাপিং করার জন্য। আমার চেয়ে আপনাদের দিগন্ত আরও অনেক বড়।”