ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুতের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ১১টা থেকে প্রায় ২টা পর্যন্ত হাতে লাঠি নিয়ে ত্রিশাল বিদ্যুত্ অফিসসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে তারা।
এ সময় মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানায়, বিশ্ববিদ্যালয়ে আশপাশের কিছু অংশে আটদিন ধরে বিদ্যুত্ না থাকায় চরম বিপাকে পড়তে হয়েছে তাদের। বিদ্যুত্ না থাকায় তাদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হয়েছে। তারা বলেন, ৮দিন ধরে আমরা গোসল পর্যন্ত করতে পারছি না। মোবাইলে চার্জ না থাকায় পরিবারের সাথে যোগাযোগ করতে পারছি না। মোবাইল ফোন বন্ধ থাকায় অনেকের পরিবার হতাশ হয়ে পড়েছেন। বিদ্যুত্ অফিসের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ত্রিশাল থানার এসআই চাঁদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরে উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন, ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান ও স্থানীয় নেতাদের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
ইত্তেফাক/এএম।
