জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকে সড়ক সংস্কারের দাবিতে আজ শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, বড়বাড়ী বুড়িমারী সড়কের বড়বাড়ী থেকে মহেন্দ্রনগর পর্যন্ত সাড়ে ৫ কিলোমিটার এবং পলাশী থেকে কাকিনা পর্যন্ত ৯শ মিটার সড়কে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ট্রাক, বাসসহ অন্যান্য যানবাহন চলাচল করতে গিয়ে আটকে পড়ছে। মালামাল ও যাত্রী পরিবহনে অসুবিধা সৃষ্টি হচ্ছে।
মন্থরগতিতে কাজ চলায় বর্ষা মৌসুমে প্রায় ৭ কিলোমিটার সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা সংশিষ্ট কর্তৃপক্ষের সাথে দেন দরবার করেও কোনো কাজ হচ্ছে না। ফলে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করতে বাধ্য হয়েছেন।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনোয়ারুল আলম জানান, আগাম বর্ষা নামায় সড়ক সংস্কার কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তিনি জানান, বর্ষা না হলে আগামী জুন মাসের মধ্যে এই সড়কের বাকি অংশের সংস্কার কাজ শেষ হবে।
ইত্তেফাক/কেকে
