চবিতে শটগান ও ৩২ রাউন্ড গুলিসহ আটক তিন

আপডেট : ০৬ মে ২০১৭, ০৯:৪৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতাকে একটি শটগানসহ আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাত দশটার দিকে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার পরে ছয়টি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় শাহ আমানত হল থেকে ৩২ রাউন্ড গুলিসহ এক বহিরাগতকে আটক করা হয়। এছাড়াও প্রতিটি হলে রামদা, রড, লাঠিশোটাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে নিজেদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষে জড়ানোর কারণে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
 
আটকৃতরা হলো- চবি ছাত্রলীগের সহসম্পাদক জাহাঙ্গীর রাসেল, উপ-ত্রান বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন। বহিরাগতের নাম পরিচয় জানা যায়নি।
 
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগে বিভিন্ন সময়ে মামলার সাথে জড়িত থাকা ব্যক্তিদের আটক করার জন্য বিশ্ববিদ্যালয় এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। এ অভিযানের সময় ২নং গেইট এলাকা থেকে একটি শটগানসহ রাসেল ও নিয়াজকে আটক করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহজালাল হলের সামনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপরে মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় সাতজন নেতাকর্মী আহত হয়। ক্যাম্পাসের স্থিতিশীল পরিবেশ আনার  জন্য বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সন্ধ্যার দিকে পুলিশকে লক্ষ্য করে ছাত্রলীগের এক পক্ষ ইট পাটকেল ছুড়তে থাকে পরে ক্যাম্পাসের নিরাপত্তার কারণে রাত দশটার দিকে পুলিশের সহয়তায় বিশ্ববিদ্যালয়ের শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, আলাওল, এ এফ রহমান ও শহীদ আব্দুর রব হলে তল্লাশি করা হয়। এসময় শাহ আমানত হল থেকে ৩২ রাউন্ড গুলিসহ এক বহিরাগতকে আটক করে পুলিশ। এছাড়াও প্রতিটি হল থেকে রামদা, রড ও লাঠিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
 
হলে তল্লাশির ব্যাপারে বিশ্ববিদ্যায়ের সহকারী প্রক্টর মোহাম্মদ শহিদুল আলম শাহিন বলেন, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যায়ের ছয়টি হলে আমরা পুলিশের সহয়তা তল্লাশি চালিয়েছি। এসময় শাহ আমানত হল থেকে ৩২ রাউন্ড গুলিসহ এক বহিরাগতকে আটক করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি হল থেকে রামদা, রড ও লাঠিশোটাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় আর কাউকে আটক করা হয়নি।
 
এদিকে সাম্প্রতিক সময়ে বিশ^বিদ্যালয়ে নিজেদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষে জড়ানোর  কারনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির যাবতীয় কার্যক্রম  অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ফলে আগামী ১৪ মে চবিতে ছাত্রলীগের নবীন বরণ ও হল সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু চবি ছাত্রলীগ শাখার কমিটি স্থগিতের কারণে সম্মেলন হবে না বলে জানা যায়।
 
চবি ছাত্রলীগের কমিটি স্থগিত এর কারণ জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয়ে কয়েক দিন যাবত নিজেদেও মধ্যে সংঘর্ষে জড়িয়েছে। যার কারণে আমরা এ কমিটি স্থগিত করেছি। এ নিয়ে চবি শাখা ছাত্রলীগের প্রতি চরম বিরক্তি, দুঃখ, হতাশা আর ক্ষোভের কথা ব্যক্ত করেন তিনি।
 
হল তল্লাশির ব্যাপারে হাটহাজারি থানার ওসি বেলাল উদ্দিন বলেন, একটি শটগানসহ দুইজনকে আটক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের অনুমতিতে আমরা ছয়টি হলে তল্লাশি চালিয়েছি। এসময় শাহ আমনত হল থেকে ৩২ রাউন্ড গুলিসহ একজনকে আটক করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি হল থেকে রামদা, রড ও লাঠিশোটাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।