পাবনার আটঘরিয়ায় শত্রুতা করে দুটি পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১শ ৭০ মণ মাছ নিধন করেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ মরে যাওয়ায় ক্ষতিগ্রস্ত দুই খামারী দিশেহারা হয়ে পড়েছেন। আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্তরা জানান, উপজেলার ধলেশ্বর গ্রামের শাকিব মৎস্য খামার ও মনির হোসেনের পুকুরে বৃহস্পতিবার কোন এক সময়ে বিষ প্রয়োগ করে। পরে মাছ মরে ভেসে উঠলে থানা পুলিশকে জানানো হয়।
এ ব্যাপারে শাকিব মৎস্য খামারের মালিক শফিকুল ইসলাম বলেন, তার ৩ বিঘা পুকুরে ৭০ থেকে ৮০ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছিল। কে বা কারা শত্রুতা করে বিষ প্রয়োগ করেছে। এতে তার ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণের বোঝা মাথায় নিয়ে দেশেহারা সে।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মনির হোসেন বলেন, তার চার বিঘা পুকুরে ৮০ থেকে ৯০ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছিল। এতে তার ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়ার পর পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
