জিপিএ ৫ এর প্রতিযোগিতায় ম্নান হচ্ছে শৈশব কৈশোর : শিক্ষামন্ত্রী

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:৩৪

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ ৫০ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। এই শিক্ষার্থীদের সবাই ডিআরইউ সদস্যদের সন্তান। গতকাল মঙ্গলবার ডিআরইউ-এর সাগর-রুনী মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, পিইসি ও জেএসসির ফল নিয়ে অভিভাবকরা প্রতিযোগিতায় নামেন। জিপিএ ৫ এর প্রতিযোগিতায় শৈশব ও কৈশোর ম্লান হচ্ছে শিক্ষার্থীদের। তবে তা আমাদের ফিরিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের পড়ালেখা করতে হবে আনন্দের মধ্য দিয়ে। গত ১০ বছরে শিক্ষা অনেকদূর এগিয়েছে। এখন মানের দিকে নজর দিতে হবে। শিশুরা কতটুকু শিখতে পারছে, জানতে পারছে তা দেখতে হবে। ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ সাংগঠনিক সম্পাদক আফজাল বারী। আর শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন উম্মে রুবাবা তুসি ও হিমেল।