বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নিহত ১

আপডেট : ০৬ মে ২০১৭, ১৩:১৭
 
বাগেরহাটের মোরেলগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে সরোয়ার শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তারা বাগেরহাট সদর হাসপাতালে চিকিত্সাধীন।
 
জানা গেছে, শনিবার সকাল সাড়ে আটটায় উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যেপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সরোয়ার শেখ ওই গ্রামের আশরাফ শেখের ছেলে।
 
আহতরা হলেন, নিহতের সেজো ভাই আব্দুর রশিদ শেখ (৫০), মেজো ভাইয়ের স্ত্রী তাহমিনা বেগম (৪৫), ছেলে বাবু শেখ (২০) ভাতিজা পলাশ শেখ (৩০) ও কাইয়ুম শেখ (২৪)।
 
নিহতের ভাতিজি মিমি আক্তার বলেন, শনিবার সকালে আমার সেজ চাচা আব্দুর রশিদ শেখ পাশের মিত্রডাঙ্গা গ্রামের জবান খানের কাছে পাওনা টাকা চাইতে যান। পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। জবান খানের কাছে পাওনা টাকা চেয়ে না পেয়ে আমার চাচা বাড়িতে ফিরে আসেন। এর কিছু পরে জবান খান ৭-৮ জন সঙ্গী নিয়ে আমাদের বাড়ির সামনে এসে প্রথমে সেজ চাচা রশিদের উপর হামলা শুরু করে। ওই হামলা ঠেকাতে আসলে তারা সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যান। এতে সবাই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে আমার ছোট চাচা সরোয়ার শেখ মারা যান। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পোলেরহাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. আমিনুর ইসলাম বলেন, শনিবার সকালে পূর্ব বিরোধের জের ধরে নিহতের মামাতো ভাই জবান খানের লোকজন সরোয়ার ও তার পরিবারের সদস্যদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে সরোয়ার শেখ নিহত হয়েছেন।
 
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোশারেফ হোসেন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে সরোয়ার শেখ মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।