খুলনা থানা পুলিশের ওপর হামলা মামলায় ৭ নম্বর আসামি করা হয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মৃত মোস্তফা আরিফ সিদ্দিকী শুভকে। এক বছর আগে মারা গেলেও গত ৪ মে পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে তাকে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন মোস্তফা আরিফ সিদ্দিকী শুভ। ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। গত বৃহস্পতিবার গভীর রাতে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল বাদী হয়ে দায়ের করা মামলায় মৃত মোস্তফা আরিফ সিদ্দিকী শুভকে ৭ নম্বর আসামি করা হয়। এছাড়া মামলায় দলের খুলনা মহানগর আহ্বায়ক আজিজুল হাসান দুলু, যুগ্ম আহায়ক গাজী সোয়েব উদ্দিন মিন্টু, মো. ইকরামুল হক হেলাল, নূরুল ইসলাম লিটন, শরিফুল আনাম, মো. শকিল আহম্মেদ, মো. জাহাঙ্গীর হোসেন, কামরুল ইসলাম. মো. ইয়াসিনসহ অজ্ঞাত ১৫-২০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহারে এসআই দীপক চন্দ্র পাল বলেন, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে আসামিরা থানার মোড় সংলগ্ন সড়কে সংঘবদ্ধ হয়ে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। পুলিশ এতে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা, মারধর, গাড়ি ভাঙচুর করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ প্রসঙ্গে বলেন, ভুলক্রমে শুভর নাম এজাহারে চলে এসেছিল। পরে এজাহার পরিবর্তন করা হয়েছে।
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল হাসান দুলু বলেন, মামলায় ৭নম্বর আসামি করা হয়েছে মোস্তফা আরিফ সিদ্দিকী শুভকে। যে কিনা এক বছর আগে আমাদের ছেড়ে গেছেন। কিন্তু মৃত্যুর পরও মুক্তি পায়নি শুভ। এর চেয়ে কষ্টদায়ক আর কী হতে পারে। পুলিশের এই দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডে তিনি হতবাক হয়েছেন বলে দাবি করেন।
ইত্তেফাক/এমআই
