বগুড়ার ধুনটে শাহ জামাল (৬০) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহ জামাল উপজেলার এলাঙ্গী পশ্চিমপাড়ার মৃত বিশা প্রামাণিকের ছেলে।
শনিবার দুপুরের দিকে একই গ্রামের ভাতিজা আনছার আলীর বাড়ির গোয়ালঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহ জামাল একজন কৃষক ছিলেন। প্রায় আট বছর আগে মানসিক রোগে আক্রান্ত হন শাহ জামাল।
শনিবার সকালের দিকে বাড়ি থেকে বের হন শাহ জামাল। পরবর্তীতে দুপুরের দিকে ভাতিজার বাড়ির গোয়ালঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় শাহ জামালের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেন স্বজনরা। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের স্বজনদের পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ নেই। এ কারণে থানায় ইউডি মামলা রেকর্ড করে শাহ জামালের মৃতদেহ দাফনের জন্য তার স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।
ইত্তেফাক/জামান
