ইত্তেফাক রিপোর্ট
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী ৭ এপ্রিল রবিবার ঢাকায় গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল মঙ্গলবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল থেকে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই গণঅনশন হবে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে চিঠিতে বিষয়টি জানিয়েছেন। একইসঙ্গে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির পক্ষ থেকে আজ বুধবার সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।
