মাধবপুরে স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

আপডেট : ০৬ মে ২০১৭, ২২:০২
 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নে সীমা আক্তার নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ রেখে পালিয়ে গেছে স্বামী। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
 
পুলিশ বিকেলেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ শাশুড়ি সুফিয়া আক্তারকে আটক করেছে।
 
সীমার চাচাত বোন সামসুর নাহার জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রামের দেওয়ান আলীর মেয়ে সীমার সঙ্গে প্রায় আটমাস পূর্বে জালাল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর সীমার কাছে জালালের পরকীয়ার বিষয়টি ধরা পড়ে। তখন থেকে সীমা প্রতিবাদ শুরু করে। এ কারণেই সীমাকে মেরে ফেলা হয়েছে।
 
থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত  কেউ অভিযোগ করেনি।
 
ইত্তেফাক/জামান