চতুর্থ বিষয়ের নম্বর যোগ না হওয়ায় ১৬ পরীক্ষার্থীর ফল বিপর্যয়

আপডেট : ০৬ মে ২০১৭, ২১:৫৬
 
সিরাজগঞ্জের উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের চলতি বছরের অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ১৬জন পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ের নম্বর যোগ হয়নি। এতে আশানুরূপ জিপিএ অর্জন করতে পারেনি বলে অভিযোগ করেছে তারা।
 
এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুর রহমান, সজীব রহমান, ইভানা পারভীন বৃষ্টি সহ পরীক্ষার্থীদের অভিযোগ, তারা রাজশাহী শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী যথা নিয়মে পরীক্ষা দিয়েছে। কিন্তু পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর তারা জানতে পারে চতুর্থ বিষয় হিসেবে পরীক্ষা দেওয়া কম্পিউটার শিক্ষার নম্বর মোট নম্বরের সঙ্গে যোগ হয়নি।
 
শিক্ষার্থীরা অবিলম্বে তাদের ফলাফল সংশোধন করে পুনঃ প্রকাশের দাবি জানিয়েছে। এ ব্যাপারে মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মজিদ জানান, ইতোমধ্যেই স্কুল থেকে বিষয়টি রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ শাখায় জানানো হয়েছে।
 
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার জানান, ফলাফল প্রকাশকালে যে কোন ভুলভ্রান্তি হতে পারে। শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ অভিযোগ পেলে তা খতিয়ে দেখে দ্রুত ফল সংশোধন করবে বলে তিনি উল্লেখ করেন।
 
ইত্তেফাক/জামান