লীলাকীর্তন অনুষ্ঠানে বাধা, অগ্নিসংযোগ

আপডেট : ০৬ মে ২০১৭, ২৩:০৯

জয়পুরহাটের কালাইয়ে হিন্দু সম্প্রদায়ের মাসব্যাপী ধর্মীয় লীলাকীর্তন অনুষ্ঠানের শুরু থেকে দুর্বৃত্তরা বিভিন্নভাবে তাদেরকে গীতাপাঠ করতে নিষেধ করার ঘটনার জের ধরে শুক্রবার রাতে মুখোশধারী দুর্বৃত্তরা বাড়িতে ভাংচুরসহ খড়ের ঘরে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর হিন্দুপাড়াতে এ ঘটনা ঘটেছে। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, বৈশাখ মাস উপলক্ষে উপজেলার মাদারপুর গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতিবেশী খগেন মালীর বাড়িতে মাসব্যাপী ধর্মীয় লীলাকির্তন অনুষ্ঠানের মাধ্যমে গীতাপাঠ করে আসছেন। শুরুর দিন থেকে এলাকার একদল দুর্বৃত্ত ওই অনুষ্ঠান না করার জন্য বিভিন্নভাবে নিষেধ করে আসছেন। তাদের নিষেধ অমান্য করে হিন্দু সম্প্রদায়ের লোকজন ওই অনুষ্ঠান চালিয়ে যান। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে লীলাকির্তন শেষে গীতাপাঠ শুরু করলে দুর্বৃত্তরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ভয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন অনুষ্ঠান ছেড়ে বাড়ির বাইরে এসে খুলিয়ানে অবস্থান নিলে সুযোগ বুঝে দুর্বৃত্তরা পিছন দিক থেকে ওই বাড়িতে প্রবেশ করে প্যান্ডেলের কাপড় ছিড়ে ফেলে এবং চেয়ার-টেবিল ভাংচুর করে। পরে তাদের খাবার (পাসাদ) ফেলে দিয়ে একটি খড়ের ঘরে আগুন ধরিয়ে দিয়ে তারা পালিয়ে যায়।

বাড়ির মালিক খগেন চন্দ্র মালী বলেন, অনুষ্ঠান বন্ধ করতে দুর্বৃত্তরা শুরু থেকে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। অবশেষে শুক্রবার রাতে তারা বাড়িতে প্রবেশ করে ভাংচুর, অগ্নিসংযোগ ও খাবার নষ্ট করেছে। ওই বিষয়ে পুলিশ ও চেয়ারম্যানকে জানানো হয়েছে। এখন আমাদের নিরাপত্তার প্রয়োজন।  

প্রতিবেশী  স্বপন, প্রভাস ও সুশিলা জানান, তারা যখন বাবা লোকনাথের ছবি নিয়ে গীতাপাঠ করছিলেন, ঠিক তখনই দুর্বৃত্তরা ইট-পাটকেল ছুড়ছিলেন। ভয়ে তারা অন্য জায়গায় অবস্থান নিলে দুর্বৃত্তরা পিছনের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে ভাংচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যান।

অগ্নিসংযোগ ও ভাংচুরের বিষয় নিশ্চিত করে কালাই থানার ওসি তদন্ত ছাইদুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত অন্তে ব্যবস্থা নেওয়া হবে।