মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের জায়গা আবারো বেদখলে

আপডেট : ০৬ মে ২০১৭, ২৩:৫১

উচ্ছেদের ১০ মাস না পেরুতেই আবারো মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে সড়ক ও জনপথের জায়গার ওপর অবৈধ স্থাপনা তৈরি করা হচ্ছে। এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পক্ষ থেকে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।

আবেদনটির পরিপ্রেক্ষিতে গত ১৮ এপ্রিল ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল মতিন ওই অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অফিস আদেশও প্রদান করেন। কিন্তু অজ্ঞাত কারণে এই উচ্ছেদ অভিযানটি এখনো করা হয়নি।

অফিস আদেশ পাওয়ার তিন সপ্তাহ পার হলেও উচ্ছেদ অভিযান এখনো করা হচ্ছে না কেন?- এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ মনজুর হোসেন জানান, ‘আমি অফিস আদেশ পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ ছাড়া করা যাবে না।’

সওজের নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল হক জানান, অর্ধশত বছর আগে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সওজের জয়রা মৌজায় প্রায় এক একর জায়গা দখল করে প্রথমে মসজিদ ও পরে মসজিদকে ঘিরে  তিনতলা বিশিষ্ট মার্কেট নির্মাণ করে স্থানীয়রা। গতবছরের ২৬ জুন জেলা প্রশাসন ম্যাজিস্ট্রেট দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথের নিকট ওই জায়গাটি হস্তান্তর করে।

ইত্তেফাক/নূহু