সাবেক পরিচালকসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
ইত্তেফাক রিপোর্ট
সরকারি ২ কোটি ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুল মতিনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুপুরে দুদকের বগুড়া জেলার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় এই মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, পল্লী জনপথ প্রকল্প পরিচালক মাহমুদ হোসেন খান, আরডিএ পরিচালক (প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ) নজরুল ইসলাম খান, উপপরিচালক ও উপপ্রকল্প পরিচালক (বাস্তবায়ন) আবিদ হোসেন মৃধা, উপপরিচালক শেখ শাহরিয়ার মোহাম্মদ, সহকারী পরিচালক মো: আরিফ হোসেন জুয়েল এবং হিসাব রক্ষক রুনিয়া ইসলাম রুমী।
দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর ইসলাম জানান, অনিয়ম করে সরকারের পল্লী জনপথ প্রকল্পের জন্য বরাদ্দকৃত টাকা থেকে ২ কোটি ৫ লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে বলা হয়, পারস্পরিক যোগসাজশে অসত্ উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে আর্থিক লাভবান হওয়ার জন্য অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে অর্পিত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণ না করে কম মূল্যে নগদ টাকায় জমি ক্রয় করে ইচ্ছা মাফিকভাবে বেশি মূল্যে জমি ক্রয় দেখিয়ে কবলা দলিল রেজিস্ট্রি সম্পাদন করে বে-আইনিভাবে সরকারি ২ কোটি ৫ লাখ ৬ হাজার ৯২২ টাকা ক্ষতি সাধন পূর্বক নিজেরাই আত্মসাত্ করেছেন।
