‘দেশে ৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেয়া হবে না’

আপডেট : ০৭ মে ২০১৭, ১৮:৩৭
দেশে ৫ জানুয়ারির মত আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি  উচ্চারণ করেছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।
 
কুষ্টিয়া ও নড়াইলে বিএনপির প্রতিনিধি সভার অনুমতি না দেয়ার প্রতিবাদে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
লিখিত বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, গত ২২ এপ্রিল থেকে বিভিন্ন জেলায় বিএনপির প্রতিনিধি সভা শুরু হয়েছে। কিন্ত ৩ মে ঝিনাইদহে আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র আব্দুল করিম মিন্টুর ইন্ধনে সন্ত্রাসী হামলায় বিএনপি চেযারপারসনের উপদেষ্টা মশিউর রহমান, সাবেক এমপি আব্দুল ওহাবসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জেলা ছাত্রদল আহ্বায়ক আরিফুল হকসহ ৮ ছাত্রদল যুবদল কর্মীকে আটক করেছে। এ ছাড়া রবিবার নড়াইল ও কুষ্টিয়া জেলায় বিএনপির প্রতিনিধি সভা করার জন্য পূর্ব অনুমতি দিয়েও গত শনিবার রাত ১০টায় অনুমতি প্রত্যাহার করেছে পুলিশ।
 
এ সময় বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুণ্ডু, কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্ত্তজা, ডা. গাজী আব্দুল হক, সিরাজুল ইসলাম, স ম আব্দুর রহমান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, মোল্লা খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি