খুলনায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার রাত ১০টার দিকে নতুন বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় ২৫টি ঘর ভস্মীভূত হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে নতুন বাজার চর সংলগ্ন বস্তির নিজাম গলি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ইয়াকুব গলিতেও ছড়িয়ে পড়ে। দু’টি বস্তির ২০ থেকে ২৫টি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে।
আগুনে ওয়াপদা সড়কের বিপ্লব ফিশ, শিমুল ফিশ, জুবায়ের ফিশ, আলী ফিশ, শাজাহান ফিশসহ কয়েকটি মাছের ঘরও পুড়ে যায়। চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে নগনীর বয়রা, টুটপাড়া, খালিশপুর এবং দৌলতপুর থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক এবিএম ফেরদৌস জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি।
ইত্তেফাক/নূহু
