সারাদেশে পাটকল শ্রমিকদের অবরোধ

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:৪২

বকেয়া বেতন, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে সারাদেশে বিক্ষোভ, সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের ( বিজেএমসি) আওতাধীন জুট মিলের শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সারাদেশে মহাসড়কে বসে পড়েন তারা। রাস্তায় গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে গণ-পরিবহনের অভাবে মানুষ ভোগান্তির শিকার হয়।

আন্দোলনরত শ্রমিক নেতারা বলেন, সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উত্পাদনশীলতা কমিশন-২০১৫ সুপারিশ বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের পিএফ, গ্র্যাচুইটি ও মৃত শ্রমিকের বিমার বকেয়া প্রদান, টার্মিনেশন, বরখাস্ত শ্রমিকদের কাজে পুনঃবহাল, শ্রমিক-কর্মচারীদের নিয়োগ ও স্থায়ী করা, পাট মৌসুমে পাটক্রয়ের অর্থ বরাদ্দ, উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে মিলগুলোকে পর্যায়ক্রমে বিএমআরই করাসহ নয় দফা বাস্তবায়নের দাবিতে এ আন্দোলন করা হচ্ছে।

এদিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জাতীয় মজুরি স্কেল-২০১৫ বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল বিকেলে সবগুলো মিল কর্তৃপক্ষকে জাতীয় মজুরি স্কেল-২০১৫ অনুযায়ী মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে নির্দেশ দিয়েছে বিজেএমসি।

চট্টগ্রাম অফিস জানায়, গতকাল ভোর থেকে সড়কে নামেন চট্টগ্রাম মহনগরী ও জেলায় অবস্থিত ১০টি রাষ্ট্রায়ত্ত মিলের পাটকল শ্রমিকরা। তারা পাটকলের সামনে বিক্ষোভ পালনসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে, ব্যারিকেড দিয়ে সকাল থেকে কর্মসূচী শুরু করেন। সকালে নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় আমিন জুট মিলের সামনে সড়কে ব্যারিকেড দেন শ্রমিকরা। সড়কের উপর এলোপাতাড়ি যানবাহন রেখে এবং গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, মজুরি নির্ধারণসহ কয়েক দফা দাবিতে এই ধারাবাহিক আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট ঘোষণা না আসায়  কর্মবিরতি এবং সড়ক অবরোধে নেমেছেন শ্রমিকরা।

নরসিংদী প্রতিনিধি জানান, বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের ডাকে নরসিংদীর ইউএমসি জুটমিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলস-এ টানা ৭২ ঘন্টার শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। গতকাল সকাল ৬ টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট আমাগী ৩দিন চলবে বলে জানিয়েছেন পাটকল শ্রমিক নেতারা। সকাল থেকে উত্তেজিত শ্রমিকরা বিভিন্ন শ্লোগানে মিল গেইটের সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সিবিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাউছার খান সহ অন্যান্য শ্রমিক নেতারা।

রাজশাহী স্টাফ রিপোর্টার জানান, গতকাল সকাল ১০টার দিকে শ্রমিকরা মিলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল নিয়ে তারা রাজশাহী-ঢাকা মহাসড়কে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় সড়কে যান চালাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান জানান, গত জানুয়ারি থেকে রাজশাহী জুট মিলসের ৮০০ শ্রমিকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। বেতনের দাবিতে তারা ৭২ ঘন্টার ধর্মঘট পালন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কাজে যোগ দিবেন না বলেও জানান তিনি।

সীতাকুন্ড (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সীতাকুন্ডে পাটকল শ্রমিকদের ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের মত হাফিজ জুট মিলের শ্রমিকসহ সকল মিলের শ্রমিকরা রাজপথে লাঠি মিছিল করেছে। শ্রমিক সংগঠনের কেন্দি য় কর্মসূচীর অংশ হিসাবে শ্রমিকরা রাজপথ ও রেলপথ অবরোধ করে বলে জানা গেছে। 

খুলনা অফিস জানায়, খুলনায় রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা মজুরি কমিশনসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে মিলের উত্পাদন বন্ধ রেখে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। বিজেএমসির দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় ধাপে  চারদিনের কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর নতুন রাস্তা মোড়ে চারঘণ্টা সড়ক ও রেলপথে কাঠের গুড়িতে আগুন জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করে। এদিকে, নতুন রাস্তা মোড়ে শ্রমিকদের অবরোধ কর্মসূচি থাকায় খুলনা-যশোর মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দূর পাল্লার পরিবহন রাজধানী ঢাকাসহ বিকল্প পথ ব্যবহার করে। দীর্ঘ চার ঘণ্টা গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ থাকায় দূর-দূরান্ত থেকে আসা হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়ে।