রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট : ০৮ মে ২০১৭, ১৭:০৯
সড়ক দুর্ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীসহ দুই জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাদের মৃত্যু হয়।
 
নিহতরা হলেন- নগরীর ছোটবনগ্রামের মৃত রজব আলীর ছেলে, রাসিকের পরিচ্ছন্নতা কর্মী হযরত আলী (৬০) ও পবা উপজেলার হরিয়ান সুগারমিল এলাকার আবদুস সবুরের ছেলে সোহেল রানা (৪৩)। 
 
জানা গেছে, রবিবার দিবাগত রাতে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় সড়ক ঝাড়ু দেয়ার কাজ করছিলেন হযরত আলী। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে হযরত আলী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
এদিকে রবিবার দুপুরে পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক হেলাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন ওই মোটর সাইকেলের আরোহী সোহেল রানা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানাও মারা যান। এসব ঘটনায় নগরীর বোয়ালিয়া ও পুঠিয়া থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।