প্রথম শ্রেনীর ক্রিকেটে বাংলাদেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরিটি তার। স্বভাবত ওই ফরম্যাটে সর্বোচ্চ রানের ইনিংসটির মালিক তিনিই। এবার ‘লিস্ট এ’ ক্রিকেটেও দেশের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলে ফেললেন সেই রকিবুল হাসান। গতকাল আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগ ম্যাচে ১৯০ রানের ইনিংস খেললেন মোহামেডানের এই ব্যাটসম্যান।
প্রথম শ্রেনীর স্বীকৃত ক্রিকেট বা লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশের হয়ে এর আগে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন তামিম ইকবাল। চলতি লিগের দ্বিতীয় রাউন্ডেই কলাবাগানের বিপক্ষে ১৫৭ রানের ইনিংস খেলেছিলেন মোহামেডানের অধিনায়ক। তামিম জাতীয় দলের সাথে দেশের বাইরে যাওয়ার পর মোহামেডানের অধিনায়কত্ব করছেন রকিবুল। গতকাল তামিমের কাছ থেকে সেই রেকর্ডটাও নিয়ে নিলেন।
রকিবুলের সামনে সুযোগ ছিলো পঞ্চাশ ওভারের স্বীকৃত ক্রিকেটে দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার। তবে ১০ রানের জন্য সেটা মিস করেন তিনি। শেষ ওভারে যখন স্ট্রাইক পান, মোহামেডানের জয়ের জন্য ৫ বলে দরকার ছিল ২৯ রান, নিজের দ্বিশতকের জন্য ১০। স্বার্থপর ব্যাটিং না করে চেষ্টায় ছিলেন প্রায় অসম্ভব সেই জয়ের। সফল হননি, ফিরে যান কাজী অনিকের বলে মানান শর্মাকে ক্যাচ দিয়ে।
নিজের সাবেক দল আবাহনীর বিপক্ষে শুরু থেকেই খুনে মেজাজে ছিলেন রকিবুল। ৩০ বলে আসে তার অর্ধশতক, রান তিন অঙ্কে নিয়ে যান ৬২ বলে। ১০৭ বলে স্পর্শ করেন দেড়শ রান।
ইত্তেফাক/নূহু
