ময়মনসিংহ সিটির প্রথম নির্বাচন

মেয়র পদে কে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ২২:৫৪

আগামী ৫ মে অনুষ্ঠিতব্য নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের (এমসিসি) প্রথম নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জন। স্থানীয় সরকারের অন্য নির্বাচনের মতো এতেও বিএনপি অংশ নিচ্ছে না। ফলে মেয়র ও কাউন্সিলর পদে মূল লড়াই হবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে। তিন জনের তালিকা পাঠাতে তৃণমূলে চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় আওয়ামী লীগ। তবে তৃণমূল আওয়ামী লীগ মেয়র পদে ৬ জনের নাম প্রস্তাব সম্বলিত চিঠি দলীয় সভানেত্রী শেখ হাসিনা বরাবর পাঠিয়েছেন। মনোনয়ন প্রত্যাশী ৬ জন হলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সহ-সভাপতি মো. ইকরামুল হক টিটু, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  সাদেক খান মিল্কি টজু, মহানগর আওয়ামী লীগের সদস্য ফারামার্জ আল-নুর রাজীব ও জেলা আওয়ামী লীগের সদস্য একেএম সাজ্জাদ হোসেন শাহীন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোহিত উর রহমান শান্তর প্রস্তাবনায় এহতেশামুল আলমের নাম এক নম্বরে রাখা হয়েছে।

এদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীক না পাওয়ার অনিশ্চয়তায় মনোনয়ন ফরম তুলতে অনাগ্রহ দেখাচ্ছেন আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা ও মহানগর নেতারা। গত দুই দিনে এই সিটি নির্বাচনে মেয়র পদে মাত্র একজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ। অওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ইত্তেফাককে জানান, ‘ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইকরামুল হক টিটু মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করে গতকাল জমাও দিয়েছেন। আজ বুধবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি ও জমা দেওয়া যাবে। জানা গেছে, শিগগিরই আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে দলের একক মেয়ার প্রার্থী চূড়ান্ত করা হবে। গত ২৭ মার্চ তৃণমূলে কেন্দ্রের পাঠানো চিঠিতে বলা হয়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা করবে। সভায় আলাপ-আলোচনার মাধ্যমে কমপক্ষে ৩ জনের একটি প্যানেল সুপারিশ করবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমার শেষ সময় ৮ এপ্রিল, বাছাই ১০ ও প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল। এ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ১৩০টি কেন্দ্রের সবগুলোই ইভিএমে (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হবে আগামী ৫ মে। চলতি বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহ সিটি করপোরেশনকে ৩৩টি সাধারণ এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ভাগ করে সীমানা সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এ সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা চার লাখ ৭১ হাজার ৮৫৮ জন।