যুক্তরাষ্ট্রের ফিনিক্স শহরে গত বছর ধারাবাহিক কয়েকটি গুলিবর্ষণের ঘটনায় বেশ কয়েকজনকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে তাকে গ্রেফতার করা হয় বলে মঙ্গলবার অ্যারিজোনা পুলিশ এ কথা জানিয়েছে।
২০১৫ সালের আগস্টে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার অ্যারন সৌসিদোর (২৩) বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার ২০১৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আরো আট ব্যক্তিকে হত্যার সন্দেহে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে। এসব হত্যার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হওয়া না গেলেও সব হত্যাকাণ্ড সে একাই ঘটিয়েছে বলে পুলিশের ধারণা।
এক সংবাদ সম্মেলনে ফিনিক্সের পুলিশ প্রধান জেরি উইলিয়ামস জানান, সন্দেহভাজনের মায়ের সঙ্গে ‘ডেট’ করার কারণে ২০১৫ সালে সে ৬১ বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এরপর ২০১৬ সালের এক ঘটনায় তার নির্বিচার গুলির শিকার হয়ে ১২ বছরের এক বালিকা এবং ৫৫ বছর বয়সী এক নারী নিহত হয়। তারপর থেকে ধারাবাহিকভাবে ফিনিক্সে বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটে।
কিন্তু পরে এসব হত্যাকাণ্ড নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে জুলাইয়ে হত্যাকারী গা ঢাকা দেয়। ওইসব হত্যাকাণ্ডের সঙ্গে এই ব্যক্তি কীভাবে সম্পৃক্ত তার বিষয়ে বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ। তবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও ব্যালিস্টিক ম্যাটেরিয়াল পরীক্ষার মাধ্যমে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অ্যারনকে গ্রেপ্তারের পর এক বিবৃতিতে ফিনিক্সের মেয়র গ্রেগ স্ট্যান্টন বলেছেন, “আজ দিনটি ফিনিক্স শহরের জন্য একটি শুভ দিন।” বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
