মধুপুরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত পাইলট নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:৩৩

টাঙ্গাইলের মধুুপুর উপজেলার রসুলপুর ফায়ারিং জোনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭) বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকাল তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পাইলট বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং মধুুপুর ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশিক্ষণ চলাকালীন দুটি বিমানের একটি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। পরে প্রচণ্ড ধোঁয়া ছেড়ে গজারী বনে মুখ থুবড়ে পড়ে বিকট শব্দে বিধ্বস্ত হয়। নিহত পাইলটের লাশ ছিন্নভিন্ন হয়ে যায়।

মধুপুর থানা সূত্র জানায়, রাশিয়ার তৈরি এফ-৭ বিমানটি ঢাকা বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে রসুলপুর ফায়ারিং রেঞ্জে পৌঁছে অপর একটি প্রশিক্ষণ বিমানের সঙ্গে মহড়ায় অংশ নেয়। রেঞ্জের লক্ষ্যস্থলে চতুর্থবার গোলাবর্ষণের পরপরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়। 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস জানান, ওই ফায়ারিং রেঞ্জে গত ২২ নভেম্বর থেকে বিমান বাহিনীর প্রশিক্ষণ চলছিল। আগামী ২৭ নভেম্বর  চূড়ান্ত মহড়া হবার কথা ছিল। তার আগেই এ দুর্ঘটনা ঘটলো।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এফ-৭ বিজি উড়োজাহাজটি বেলা ২-২৫ মিনিটের দিকে ঢাকা থেকে উড্ডয়নের পর রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে পৌঁছে ২-৫০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। এতে পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু (৪৭) নিহত হন। আরিফ ১৯৯৭ সালে বিমান বাহিনীতে কমিশন লাভ করেন। দুই সন্তানের জনক বিমান বাহিনীর এই কর্মকর্তার বাড়ি ঈশ্বরদীতে।