প্রযুক্তি নির্ভর নতুন ব্যবসা, বিনোদন, স্বাস্থ্যসেবা বা ই-কমার্সের মতো উদ্যোগের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন অনূর্ধ্ব ৩০ বছর বয়সী এশিয়ার ৩০০ জনের একটি তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা হোসেইন ইলিয়াস ও কার্টুনিস্ট আব্দুল্লাহ আল মোরশেদ। ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় স্থান পাওয়া এসব উদ্যোক্তাদের সংক্ষিপ্ত পরিচিতি প্রকাশ করা হয়েছে।
পাঠাও’র হোসেইন ইলিয়াসের বিষয়ে বলা হয়েছে, সিফাত আদনানকে (বয়স ৩০ বছরের বেশি) সঙ্গে নিয়ে তিনি পাঠাও প্রতিষ্ঠা করেন। এটি বাংলাদেশে শীর্ষ রাইড শেয়ারিং, খাবার সরবরাহ ও পণ্য আদান-প্রদানের সেবা প্রতিষ্ঠান। বর্তমানে পাঠাও’র মোটরবাইক ও গাড়ি নেপালের কাঠমান্ডুসহ বাংলাদেশের পাঁচটি শহরে মোট ৫০ লাখ গ্রাহককে সেবা প্রদান করছে। চার দফায় প্রতিষ্ঠানটি ১ কোটি ২৮ লাখ ডলার তহবিল পেয়েছে। আর বর্তমানে পাঠাও’র মূল্য দাঁড়িয়েছে ১০ কোটি ডলার।
অন্যদিকে তরুণ কার্টুনিস্ট আব্দুল্লাহ আল মোরশেদ বেশি পরিচিত মোরশেদ মিশু নামে। তার সম্পর্কে বলা হয়েছে, ২০১৮ সালের শুরুর দিকে কার্টুনিস্ট মোরশেদ মিশু বিশ্বজুড়ে চলমান ভয়াবহ বিভিন্ন যুদ্ধের ওপর কার্টুন তৈরি করতে শুরু করেন। যুদ্ধের ভয়াবহতার ছবিগুলো তার হাতে রূপ নিতে থাকে হাসি-আনন্দ ভরা শিল্পকর্মে। মোরশেদ মিশু ফোর্বসের থার্টি আন্ডার থার্টি তালিকায় মিডিয়া, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং শাখায় স্থান পেয়েছেন।
