বাংলাদেশের মানুষের আয় বেড়েছে, এ দেশ বিনিয়োগবান্ধব -ব্রিটিশ হাইকমিশনার

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০০:১৭

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন বলেছেন, বাংলাদেশের মানুষের আয় উন্নতি দেখে আমি অভিভূত। এ দেশের মানুষ এখন নিজের পায়ে দাঁড়িয়েছে ও তাদের ক্রয়ক্ষমতা বেড়েছে। বাড়িতে টিউবয়েল, স্বাস্থ্যসম্মত পায়খানা, টিনের ঘর, ফসলি জমি ও তাদের জীবনমান বেশ উন্নত হয়েছে। তিনি বলেন, যে মানুষটি এক সময় একবেলা খেতে পারত না, তারা আজ উন্নত জীবন যাপন করছে। ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে সুখি সমৃদ্ধ জীবন গড়ে তুলছে। আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে হাঁস, মুরগী, গাভী, মাছ, সবজি চাষ ও নানা কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দুহুলী পূর্বপাড়া গ্রামে হতদরিদ্র পরিবারগুলোর বর্তমান অবস্থা দেখে এসব মন্তব্য করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। তিনদিনের জন্য রংপুর, দিনাজপুর ও নীলফামারী সদরে সফরে আসেন তিনি। এসময় গতকাল সকালে ওই ইউনিয়নের (আল্ট্রা পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের) ব্র্যাকের হতদরিদ্র পুনর্বাসন কর্মসূচির সফল বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়।

গ্রামগুলো ঘুরে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন আরো বলেন, আমরা চাইব ব্রিটিশ কোম্পানিগুলো বাংলাদেশে আরো বিনিয়োগ করে সহায়তার হাত বাড়িয়ে দিক। বাংলাদেশ আরো উন্নতির দিকে এগিয়ে যাক। এখানে ব্যবসা বাণিজ্যের যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। ব্যবসায়িক পরিবেশও ভালো। এছাড়াও বাংলাদেশের মানুষের ব্যবসায়িক সক্ষমতা রয়েছে। ব্রিটিশ কোম্পানিগুলো আরো যাতে বিনিয়োগ বাড়ায়, সে ব্যাপারে দেশে ফিরে ব্রিটিশ কোম্পানিগুলোকে বলব। বাংলাদেশ সম্পর্কে বাইরের দেশের কোম্পানিগুলোর যে খারাপ ধারণা আছে, সেটি ঠিক নয়।

এসময় ডিকসনের সফরসঙ্গী ছিলেন— জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার আশরাফ হোসেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মো. মুসা, আঞ্চলিক ব্যবস্থাপক রেদওয়ানুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রোজিনা হক,  জেলা ব্র্যাক প্রতিনিধি লাইলুন নাহার প্রমুখ।