জাতীয়করণে প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন মাদ্রাসা শিক্ষকরা

আপডেট : ১০ মে ২০১৭, ১৫:১৩
 
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তারা বলেন, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জনের পর শিক্ষাকতা পেশাকে বেছে নিয়েছি। এই পেশায় আসার উদ্দেশ্য হচ্ছে দেশ ও জাতিকে সার্বিকভাবে সৎ-আদর্শবান মানুষ গড়ে তোলা। আমরা এ থেকে বিচ্যুত হইনি। তবে শুধুমাত্র মাদ্রাসায় শিক্ষকতা করার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন জাতীয়করণ করা হচ্ছে না? প্রধানমন্ত্রী আপনি আমাদের অভিভাবক। আপনার কাছে আমাদের একটিই চাওয়া মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করুন। 
 
শিক্ষক নেতারা আরো বলেন, ‘ইতিমধ্যে কওমী শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একটি নীতিমালায় এনে স্বাধীনতার পক্ষের পরিচালিত করার ঘোষণা দিয়েছে সরকার। সরকারের কাছে দাবি জানাচ্ছি- মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করার মাধ্যমে আমাদের আরো উৎসাহ দেবেন।’
 
বুধবার ১০ মে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন’র উদ্যোগে মাদরাসাসহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে মানব-বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ. রিয়াজুল করিম, মোঃ মিজানুর রহমান, নাজমুল হোসেন, কে.এম সালাহ্ উদ্দিন, মো. আক্তার হোসেন, মো. আমির উদ্দিন, সিনিয়র যুগ্ম-মহাসচিব ফজলুল বারী বেলাল, যুগ্ম মহাসচিব হোসনী মোবারক, আব্দুল আহাদ সিদ্দিকী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নাবিল, মো. জাহাঙ্গীর আলম, হানিফ উদ্দিন খান, শান্ত ইসলামসহ অন্যান্য নেতারা। সংগঠনের মহাসচিব মো. জহির উদ্দিন হাওলাদার বেসরকারি শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণসহ ৮ দফা দাবি উপস্থাপন করেন।
 
ইত্তেফাক/আনিসুর