বিএনপির জেলা কমিটির কাউন্সিল খুব শীঘ্রই ------------------বরকত উল্লাহ বুলু

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০০:১৯

বগুড়া জেলা বিএনপির প্রতিনিধি সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেলেও তার জন্য কাউকে জেলে যেতে হয়নি অথচ দুই কোটি টাকা আত্মসাতের মিথ্যা মামলায় সাজা দিয়ে বেগম খালেদা জিয়াকে জেলে আটকিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারে বাধ্য করতে আন্দোলন করার জন্য দলের জেলা কমিটিগুলোর কাউন্সিল অধিবেশন খুব শীঘ্রই হবে। গত ১২ বছর ধরে যারা আন্দোলনে সংগঠনের জন্য কাজ করেছেন কাউন্সিল অধিবেশনে তাদেরকে মূল্যায়ন করা হবে।

গতকাল মঙ্গলবার শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটরিয়ামে জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিনিধি সভার শুরুতে জেলা যুবদল-ছাত্রদলের নেতা কর্মীদের প্রবেশ করা নিয়ে বাক-বিতণ্ডা হয়। এসময় ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমকে ধাক্কা দেয় উত্তেজিত নেতা-কর্মীরা। পরে সিনিয়র নেতাদের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।