ওসমানীনগরে স্ত্রী হত্যা মামালায় স্বামী গ্রেফতার

আপডেট : ১০ মে ২০১৭, ১৭:৩৮
 
সিলেটের ওসমানীনগরে স্ত্রী হত্যা মামলায় আব্দুল হান্নান নামে এক স্বামী গ্রেফতার হয়েছে। বুধবার সকালে আব্দুল হান্নানকে আসামি করে মামলাটি করেন ছেলে আকিকুর রহমান নাঈম।
 
আব্দুল হান্নানকে বুধবার সকালে হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ এলাকা থেকে গ্রেফতার করে ওসমানীনগর থানার পুলিশ।ওসমানীনগর থানার এস আই রমা প্রসাদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।'
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামের পাঁচ ছেলে ও তিন মেয়ের জনক আব্দুল হান্নান ও তার স্ত্রী সৈয়দা হেমী বেগম (৪৮) এর মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ চলে আসছে। গত মঙ্গলবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একপর্যায় আব্দুল হান্নান ক্ষিপ্ত হয়ে বটি দিয়ে স্ত্রী হেমী বেগমের মাথায় এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা হেমীকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান