মাদক ও জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ডে ঢাবির মুহসীন হল

আপডেট : ১০ মে ২০১৭, ২০:৫২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হলের শিক্ষার্থীদের মাদক ও জঙ্গিবাদসহ সকল অপকর্ম থেকে দূরে রাখতে হল শাখা ছাত্রলীগ উদ্যোগী হয়েছে। এর অংশ হিসেবে তারা 'মুহসীন হল প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট ২০১৭' এর আয়োজন করেছে।
 
বুধবার বিকালে হল প্রাঙ্গণে এই প্রিমিয়ার লীগের উদ্বোধন করেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শেখ ফয়সল আমিন, ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, মুহসীন হল শাখা ছাত্রলীগের সভাপতি সরকার রায়হান জহির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী প্রমুখ।
 
এই প্রিমিয়ার লীগে হলের বিভিন্ন অঞ্চলের আবাসিক শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- শেখ রাসেল একাদশ, শেখ জামাল একাদশ, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কুমিল্লা ইউনাইটেড ফুটবল ক্লাব, ক্রাক প্লাটুন, রয়েল বেঙ্গল টাইগার, বরেন্দ্র একাদশ এবং টিম তিস্তা।
 
খেলার অন্যতম আয়োজক এবং ঢাবি মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী ইত্তেফাককে বলেন, 'আগে মুহসীন হল মাদকের আখড়া ছিলো। প্রথমবারের মতো ছাত্রলীগের নেতৃত্বে আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এতে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।'
 
এবিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, 'ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীর কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার জন্য ছাত্রলীগ উদ্যোগ নিয়েছে। অনেক সময় দেখা যায়, শিক্ষার্থীরা মাদক এবং জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়ে। তাদেরকে সে সব অপকর্ম থেকে দূরে রাখতে আমরা এই দিকে মনোযোগী হয়েছি।'
 
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, 'শুধু মুহসীন হল নয়, ছাত্রলীগ বর্তমান সারাদেশে খেলা-ধূলাসহ সকল প্রকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। সারা বিশ্বে আজ ছাত্রলীগ বড় বড় জায়গায় নেতৃত্ব দিচ্ছে। এর মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মোকাবেলা করতে সক্ষম হবো।'
 
ইত্তেফাক/জামান