হিন্দি সিনেমা প্রদর্শনের আশ্বাসে প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০০:২৮

ভারতীয় হিন্দি সিনেমা আমদানি করার ক্ষেত্রে নীতিমালা সহজ করার সরকারি আশ্বাসে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আগামী ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছে। গতকাল দেশের সিনেমা হল মালিকদের সংগঠনের নেতৃবৃন্দ তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। সেখানে আলোচনার একপর্যায়ে তথ্যমন্ত্রী তাদের আশ্বাস দেন, খুব শিগগির সমস্যার সমাধান হবে।

এ তথ্য নিশ্চিত করে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ। তিনি বলেন, তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে চলচ্চিত্র নিয়ে ইতিবাচক অনেক আলোচনা হয়। মন্ত্রী হল মালিকদের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। সীমিত পরিসরে হিন্দি সিনেমাও আমদানির আশ্বাস দিয়েছেন। সাফটা চুক্তির মাধ্যমে ভারতীয় বাংলা ছবিগুলোও মুক্তির এক সপ্তাহের মধ্যেই আমরা আনতে পারব। তাই আমরাও হল বন্ধ রাখার ঘোষণা ফিরিয়ে নিলাম। উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি গত ১৩ মার্চ ১২ এপ্রিল থেকে দেশের সব প্রেক্ষাগৃহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছিল।