সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের সভায় যোগ দেয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ করা হয়েছে। তাদের কাছ থেকে সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল মঙ্গলবার ওই নেতাদেরকে শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
যাদের শোকজের চিঠি পাঠানো হলো— বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি রইছ উদ্দিন মাস্টার, সহ-সভাপতি তাহিদ মিয়া, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম রুহেল, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মন্নান রিপন, ধর্মবিষয়ক সম্পাদক এটিএম নূর উদ্দিন, ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন ও জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ।
ওই সভায় বিএনপির বহিষ্কৃত নেতা আবদাল মিয়া ও সুহেল আহমদ চৌধুরীও ছিলেন। আবদাল মিয়া জেলা বিএনপির উপদেষ্টা ছিলেন, সুহেল ছিলেন সহ-সভাপতি। তারা দলীয় নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিলে এর আগে তাদেরকে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান গতকাল সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর আগে গত রবিবার তিনি নির্বাচনী এলাকা বিশ্বনাথে নাগরিক সভা করেন। ওই সভায় যোগ দেন বিএনপির ওই নেতারা।
