বিদেশিরা নন, দেশের জনগণই নির্বাচনে বড় পর্যবেক্ষক :নাসিম

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:৩৪

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিদেশিরা নন, দেশের জনগণই নির্বাচনের বড় পর্যবেক্ষক। জনগণের প্রতি আস্থাহীন রাজনৈতিক দল বিএনপি নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের ওপর ভরসা করছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণ ভোটের মালিক। এ নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে, তারাই পরবর্তী সরকার গঠন করবে। আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল জনগণের রায় মেনে নেবে।’

গতকাল শুক্রবার সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এলজিইডি’র চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ ছাড়া স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন এলাকায় সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে বিএনপি এবং অন্যান্য দল নির্বাচনে অংশগ্রহণ করছে এটি সুখের কথা। আওয়ামী লীগও চায় দেশের নিবন্ধিত সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সকল দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। কিন্তু কোনো দল যেন নির্বাচন থেকে সরে গিয়ে বিদেশিদের কাছে অসত্য অভিযোগ না করে তার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি তিনি আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোনো অন্যায় বা ভুল হলে তার বিচার এ দেশের জনগণই করবে, বিদেশিরা নয়। 

শেখ হাসিনার নেতৃত্বে সরকার গত ১০ বছরে অভূতপূর্ব উন্নয়ন করেছে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচনে নৌকার কোনো বিকল্প নেই। মানুষ শান্তিতে থাকতে চায়, উন্নয়ন চায়, শান্তি এবং উন্নয়নের স্বার্থে জনগণ আবারও নৌকায় ভোট দেবে। এ দেশের মানুষ জ্বালাও পোড়াও রাজনীতি প্রত্যাখ্যান করেছেন, যারা জ্বালাও পোড়াও রাজনীতি করে সেই দলকে মানুষ আর ভোট দেবে না। 

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, যুগ্ম সম্পাদক আব্দুল বারী শেখ, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, মনসুর নগর থানা আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল জুমার নামাজ আদায় শেষে বহুলী ইউনিয়নে মতবিনিময় করেন। তার নির্বাচনী এলাকায় প্রায় ১০টি মতবিনিময় সভা করেন। খাগায় রাত ৮টায় তার মতবিনিময় সভা শেষ হয়। প্রতিটি সভায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।