ইত্তেফাকের বদরগঞ্জ সংবাদদাতা আর নেই

আপডেট : ১২ মে ২০১৭, ১৪:৩৮
 
দৈনিক ইত্তেফাকের রংপুরের বদরগঞ্জ উপজেলা সংবাদদাতা ও বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ সরকার (৫২) আজ শুক্রবার সকাল সাত টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শুক্রবার সকাল থেকে বদরগঞ্জ পৌরশহরের সব দোকান পাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
 
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক জানান, আব্দুর রউফ সরকার হঠাৎ পেনক্রিয়াটাইটিস রোগে আক্রান্ত হয়ে গত বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকালে তিনি মারা যান।
 
দুপুর দুই টায় মরহুমের লাশ বদরগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে আসা হবে। আড়াই টায় বদরগঞ্জ মডেল বহুমুখি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে বিকাল সাড়ে তিন টায় গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
 
প্রসঙ্গত, আব্দুর রউফ সরকার ১৯৯০ সালের দিকে স্থানীয় একটি পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি দৈনিক ইত্তেফাকের বদরগঞ্জ সংবাদদাতা নিযুক্ত হন। তিনি একাধারে রংপুরের বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। 
 
ইত্তেফাক/কেকে