সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আরো এক নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এ নিয়ে দুইজন নারী ডেমোক্র্যাট নেতা বাইডেনের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনলেন। কানেক্টিকাটের অ্যামি লাপোস নামের এক ডেমোক্র্যাট সমর্থক অভিযোগ করেছেন, এক দশক আগে বাইডেন তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তাকে অনাকাঙ্খিতভাবে স্পর্শ করেছিলেন। বাইডেন তাকে কাছে টেনে নিয়ে নাকে নাক ঘষার চেষ্টা করেন। এর আগে গত শুক্রবার বাইডেনের বিরুদ্ধে নেভাদার ডেমোক্র্যাট লাকি ফ্লোরেস অভিযোগ করেছিলেন, ২০১৪ সালে তিনি নেভাদার লেফটেন্যান্ট গভর্নর পদে লড়ার সময় প্রচারাভিযানে তাকে সমর্থন দিতে বাইডেন উপস্থিত ছিলেন। সেই সময় বাইডেন তার মাথার পেছনে চুম্বন করেন। বাইডেন এসব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, এসব অভিযোগের প্রেক্ষিতে বাইডেনের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে কোনো সমস্যা হবে না। তবে বাইডেনকে জনগনের আকাঙ্খাকে গুরুত্ব দিতে হবে। - বিবিসি
