দারিদ্র বিমোচন তথা টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যমাত্রা(এসডিজি) বাস্তবায়নে আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে মা’র জন্য বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। বিশ্ব মা দিবস উপলক্ষে বেসরকারি সংস্থা ডরপ ও দৈনিক ইত্তেফাক আয়োজিত আলোচনা সভায় উপস্থিত বক্তারা এ দাবি জানান।
রবিবার ১৪ মে সকালে রাজধানীর ৪০ কাওরান বাজারস্থ ইত্তেফাক অফিসের সভাকক্ষে ‘বাংলাদেশে মা দিবসের একযুগ : টেকসই উন্নয়নে মায়ের স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সাংসদ কাজী রোজি, বেগম ফজিলাতুন নেসা বাপ্পি, বেগম নাসিমা ফেরদৌসী, সাবেক সংসদ সদস্য কবি রুবী রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরী।
দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ডরপ এর প্রতিষ্ঠাতা ও গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এএইচএম নোমান। আরো উপস্থিত ছিলেন ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত।
দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও মহিলা অঙ্গনের বিভাগীয় সম্পাদক রাবেয়া বেবী’র পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন পলিসি সাপোর্ট ইউনিটের টিম লিডার ডা. এম আব্দুস সবুর, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, লাইট হাউজের নির্বাহী পরিচালক মো. হারুন আর রশিদ, নারীপক্ষের সহ-প্রকল্প সমন্বয়কারী সামিয়া আফরীন, কবি রোকেয়া ইসলামসহ অনেকে।
মূল বক্তব্যে এএইচএম নোমান বলেন, এসডিজি একের ভেতরে সতের লক্ষ লক্ষ্য অর্জনে আসছে বাজেটে ‘মাতত্বকালীন ভাতা’র সংখ্যা ৫ লাখ না বাড়িয়ে ভাতার পরিমাণ ৫শ থেকে ১ হাজার টাকায় উন্নিত করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি। সেই সঙ্গে ‘এক মা, ১ লক্ষ টাকা’ হারে, একশত জন করে, ১০০টি উপজেলায় মোট ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দেরও আহবান জানান তিনি।
ইত্তেফাক/আনিসুর
