সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে গ্রেফতার করেছে চাঁদপুর গোয়েন্দা পুলিশ। চট্টগ্রামের চকবাজার থানার ৪৫২ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামের একটি বাসা থেকে শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। চাঁদপুর জেলার অ্যাডিশনাল এসপি মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মিলনের বিরুদ্ধে চাঁদপুর আদালতে ২৮টি মামলা বিচারাধীন। গত মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে একটি জিআর মামলায় হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু গ্রেফতার আতংকে আদালতে যাননি তিনি।
মামলার বিবরণ থেকে জানা যায়, বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার কারণে এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এ জন্য ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
বিডিনিউজ জানায়, গতকাল মিলনকে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আগামীকাল রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, আ ন ম এহছানুল হক মিলন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র কিনেছেন। এর আগে গত রবিবার বিকেলে আদালতে হাজিরার সময় নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছিলেন মিলন।
