বগুড়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

আপডেট : ১৫ মে ২০১৭, ১২:৫২
 
বগুড়ায় পণ্যবাহী ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার ভোর ৬টায় বগুড়া-রংপুর মহাসড়কে জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।  
 
নিহতরা হলেন- বগুড়া সদরের এরুলিয়ার ইজা প্রামানিকের ছেলে রায়হান প্রামানিক (৩৫) ও রংপুরের মিঠাপুকুরের আলু ব্যবসায়ী জহুরুল (৫০)। আহত অপর একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতের পরিচয় জানা যায়নি। 
 
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি আবুল বাশার জানান, ভোর ৬টার দিকে বগুড়ার মহাস্থান গড়ের সেতুর পাশে রংপুরগামী একটি ট্রাকের পেছনে একইমুখি একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে পিকআপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরো একজন। আহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার শিকার পিকআপভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে