বিভিন্ন সময়ে উশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছে চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। বহিষ্কৃত একজনকে স্থায়ী ও পাঁচজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন, ফিন্যান্স বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়ালিদুর রহমান, ইংরেজি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তাসনিম সিকদার, সংগীত বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শাহরিয়ার চৌধুরী ইমন, ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শাহরাজ চৌধুরী, দর্শন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মাহমুদ হাসান ও নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জিয়াউর হক মজুমদার।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ মার্চ এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে কর্তব্যরত এক চিকিৎসককে মারধর করে ওয়ালিদুর রহমান। এ ঘটনা তাকে বিশ্ববিদ্যালয়ের থেকে স্থায়ী বহিষ্কার করা হয়। অন্যদিকে ১৯ এপ্রিল এক ছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্ররন্টের আহ্বায়ক ফজলে রাব্বিকে মারধর করে কয়েকজন শিক্ষার্থী।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় তাসনিম সিকদারকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। একই দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিউল মিনহাজ নামের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাহরিয়ার চৌধুরী, শাহরাজ চৌধুরী, মাহমুদ হাসান ও জিয়াউর হক মজুমদারকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় চবি উপাচার্য তার নির্বাহী ক্ষমতাবলে এ ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির এক সভাতে উশৃঙ্খল ঘটনার সাথে জড়িত থাকার ঘটনায় এক শিক্ষার্থীকে স্থায়ী ও পাঁচ শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।
ইত্তেফাক/জামান
