চৌগাছায় ফেনসিডিল রেখে আটক চেষ্টা, তিন পুলিশ ক্লোজড

আপডেট : ১৬ মে ২০১৭, ১৯:৩৯
 
ফেনসিডিল রেখে চায়ের দোকানিকে আটকের চেষ্টার অভিযোগে চৌগাছা থানার তিন পুলিশ সদস্যকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।পুলিশ সদস্যরা হলেন, সহকারী উপ-পরিদর্শক সাজ্জাদুল, সহকারী উপ-পরিদর্শক মাসুদ এবং কনস্টেবল সেলিম উদ্দিন।
 
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা নিশ্চিত করেছেন চৌগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আকিকুল ইসলাম। এর আগে বিকেলে যশোর 'ক' সার্কেলের এডিশনাল এসপি নাইমুর রহমান ঘটনাস্থলে গিয়ে বাহিনীর কোন সদস্য অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
 
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে চৌগাছার খড়িঞ্চা বাজারে এই ঘটনা ঘটে। ঘটনার বিচার দাবী করে সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ করে রাখে গ্রামবাসী। পরে এসপি নাইমুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
ভুক্তভোগী খড়িঞ্চা গ্রামের চায়ের দোকানি আব্দুর রহমান বলেন, 'প্রতিদিনের মত মঙ্গলবার দুপুরে তিনি দোকান বন্ধ করে তিন কিমি দুরের পুড়াপাড়া বাজারে যান। সেখান থেকে দুপুর ১টার দিকে দোকানের মালামাল নিয়ে ফিরে দেখতে পান চৌগাছা-পুড়াপাড়া সড়কের পাশে খড়িঞ্চা বাজারে অবস্থিত তার চায়ের দোকানের পাশে একটি সাদা মাইক্রো দাড়িয়ে আছে। চৌগাছা থানার এএসআই সাজ্জাদ এবং এএসআই মাসুদ তার দোকানের পিছনে কিছু রাখছেন।
 
এসময় তিনি কে ওখানে, কি রাখছেন বলে চিৎকার করে ওঠেন। চিৎকার শুনে দুই পুলিশ কর্মকর্তা তাকে বলেন এই ফেনসিডিল তুই দোকানের পিছনে রেখেছিস। তুই এই ফেনসিডিলের মালিক। এ কথা বলে তারা তাকে আটকের চেষ্টা করেন। তিনি প্রতিবাদ করলে পাশ থেকে বাজারে থাকা লোকজন এগিয়ে এসে দুই পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরে বিক্ষোভ করতে থাকেন। এসময় গ্রামের মেম্বর আব্দুল মান্নান এসে দুই পুলিশ কর্মকর্তাকে ছাড়িয়ে দেন।
 
ইত্তেফাক/জামান